২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইকে অপহরণ, বোন-ভগ্নিপতিসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় 'অপহৃত' যুবককে উদ্ধার এবং তাকে অপহরণ করানোর অভিযোগে তার বোন-ভগ্নিপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

নওগাঁ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় 'অপহৃত' যুবককে উদ্ধার এবং তাকে অপহরণ করানোর অভিযোগে তার বোন-ভগ্নিপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাফিকুল আলম জোহা (২০) নামের ওই যুবককে অপহরণের ১৭ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ। নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে তার বাড়ি। সম্পত্তির লোভে জোহার বড় বোন তাকে অপহরণ করিয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জোহার বোন শাম্মি আরা নাজমা চৌধুরী (৪৪), ভগ্নিপতি আফছার চৌধুরী (৫২), নওগাঁ সদর উপজেলার দয়ালের মোড় এলাকার ইউনূছ আলী মণ্ডলের ছেলে ওমর ফারুক চপল (৩১) ও একই উপজেলার বিহারী কলোনীর ফজলুল হক মণ্ডলের ছেলে আলী আহম্মেদ রিঙ্কু (২৫)। এলাকাবাসী ও রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, আবাদপুকুর বাজারের মৃত আলতাব হোসেনের মেয়ে শাম্মি পৈতৃক জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে ছোট ভাই জোহাকে অপহরণ করায়। ওই সময় ৪/৫ জন সন্ত্রাসী জোহাকে ঘুম থেকে ডেকে তুলে জোরপূর্বক লাল রংয়ের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। ধস্তাধস্তিতে জোহার পরনের কাপড় খুলে গেলেও ওই অবস্থায় তাকে মাইক্রোবাসে তুলতে সহযোগিতা করে নাজমা। জোহার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই মাইক্রোবাসটি দ্রুত চলে যায়। এ ঘটনা সকালেই এককান দুকান করে জানাজানি হয়ে যায়। নাজমা প্রথমে দু'একজনকে জানান, ওই বাজারের গুলজার হোসেনের লোকজন জোহাকে অপহরণ করেছে। কিন্তু পরে তিনি অন্য কয়েকজনকে বলেন, গোয়েন্দা (ডিবি) পুলিশ জোহাকে তুলে নিয়ে গেছে। বিষয়টি ক্রমান্বয়ে সন্দেহজনক হয়ে ওঠায় ও কৌতুহল সৃষ্টি করায় একের পর এক লোকজন এসে নাজমাকে প্রশ্ন করতে থাকলে এক পর্যায়ে নাজমা নিজেই এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এ অবস্থায় এলাকাবাসী নাজমা ও তার স্বামীকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নওগাঁ বাইপাস সড়কে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে শুক্রবার রাত ১০টার দিকে জোহাকে উদ্ধার ও অপর ২ জনকে গ্রেপ্তার করে। জোহার মা রাহাতুন নেছা এ ঘটনায় নাজমা ও তার স্বামীসহ ৬ জনকে আসামি করে শুক্রবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। রাহাতুন নেছা বলেন, আমার ও ছেলের সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে নাজমা সন্ত্রাসী ভাড়া করে জোহাকে অপহরণ করিয়েছে। সম্পত্তির লোভে নাজমা ৪ মাস আগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে আমি বাবার বাড়িতে আছি। শুক্রবার সকালে মোবাইল ফোনে জোহার অপহরণের খবর পাই। নাজমা বলেন, অপহরণ নয়, চিকিৎসা ও বিদেশে পাঠানোর জন্য জোহাকে আত্মীয় স্বজনদের দিয়ে অন্যত্র পাঠানো হয়েছে। শনিবার সকালে ওসি শাহরিয়ার খান জানান, জবানবন্দী নেওয়ার জন্য জোহাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৪৬ ঘ.