সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের জের ধরে সিলেটের জৈন্তাপুরে চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত হোসেন আহমদ (২৫) জৈন্তাপুরের বিড়াখাই গ্রামের আবদুল খালিকের ছেলে।
নিহতের বাবা আবদুল খালিক সংাবাদিকদের জানান, তার মেয়ের স্বামীকে সৌদিআরব পাঠানোর কথা বলে প্রায় একবছর আগে মোটা অঙ্কের টাকা নেন তার ভাই আবদুল জলিল। দীর্ঘ দিনেও ভিসার ব্যবস্থা করতে না পারায় টাকার জন্য চাপ দিলে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। রোববার হোসেন ও জলিলের ছেলে বাহারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাহারের আঘাতে ঘটনাস্থলেই হোসেন মারা যায়।
জৈন্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪১ ঘ.
bdnews24