২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালট ছিনতাই: পুলিশের গুলিতে নিহত ১

চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চাঁদপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আবু ইউসুফ ওরফে মনা (৩০)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী বলেন, ব্যালট বাক্স ছিনতাই এবং পরবর্তীতে পুলিশের ওপর হামলা চালাতে গিয়ে আবু ইউসুফ ওরফে মনা নামের ওই ব্যক্তি পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। "তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।" আবু ইউসুফ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর বৈদ্যবাড়ি এলাকার মতিন বৈদ্যের ছেলে। পুলিশ সুপার বলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় রোববার সকাল ১০টা ২০ মিনিটে মনা ব্যালট বাক্স ছিনতাই করে। "এ সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ তাকে ধাওয়া করলে সেও লোকজন নিয়ে উল্টো পুলিশকে ধাওয়া করে।" এক পর্যায়ে মনা ও তার লোকজনের হামলায় আবু জাফর নামের পুলিশের এক কনস্টেবল আহত হয় জানিয়ে পুলিশ সুপার শহীদুল্যাহ চৌধুরী বলেন, "তাকে ছুরিকাঘাতের ফলে রক্তক্ষরণ হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে শটগানের দুটি ও চাইনিজ রাইফেলের ছয়টি গুলি। চাইনিজ রাইফেল থেকে ছোড়া গুলিতে মনা বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান।" কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে এবং নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসা হয়। মনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন প্রধান ও মেম্বার প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করে বলে দাবি করেছে পুলিশ। প্রিসাইডিং অফিসার আবদুর রশিদ বলেন, ছিনতাই হওয়া ব্যালট বাক্সের খোঁজ মেলেনি। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত একশ ৫০টি ভোটগ্রহণ হয়। কেন্দ্রে মোট ভোট আটশ ৭৯। এদিকে খাদেরগাঁও ইউনিয়নের নারায়নপুর হাফেজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে বেলা পৌনে ১১টা থেকে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুল আলম। একই ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বেলা ১২টা থেকে এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা রয়েছে। অন্যদিকে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কেন্দ্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় আব্দুর রশিদ (৩০) ও নজরুল ইসলাম (২৮) নামে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৩৫৬ ঘ.