২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অযথা আটকের চেষ্টা, ২ কনস্টেবল প্রত্যাহার

বিনা অজুহাতে এক পৌর কাউন্সিলর ও একজন মুক্তিযোদ্ধাকে আটকের চেষ্টা করায় শনিবার হবিগঞ্জ সদর থানার দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

হবিগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা অজুহাতে এক পৌর কাউন্সিলর ও একজন মুক্তিযোদ্ধাকে আটকের চেষ্টা করায় শনিবার হবিগঞ্জ সদর থানার দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মিথ্যা তথ্য দেওয়ায় হাশিম (২২) নামে পুলিশের এক সোর্সকে আটক করা হয়। সদর থানার ওসি শেখ কবিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় পুলিশের সোর্স হাশিমের দেওয়া তথ্য অনুযায়ী নোয়াবাদ এলাকার মুক্তিযোদ্ধা টিক্কা খানকে আটক করতে যান সদর থানার কনস্টেবল এস কে মাখন ও বিধান। স্থানীয় কাউন্সিলর জুনায়েদ আহমেদ এ ব্যাপারে কথা বলতে চাইলে তাকেও আটকের চেষ্টা করা হয়। এদিকে খবর পেয়ে এলাকার লোকজন দুই কনস্টেবলকে আটক করে রাখে। পরে হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ, তিনি নিজে (ওসি) এবং হবিগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার ওসি জীবন কৃষ্ণ দেসহ এলাকার গণ্যমান্যরা সালিশ বৈঠকে বসেন। বৈঠক শেষে দুই কনস্টেবলের পক্ষে ওসি শেখ কবিরুল ইসলাম ও জীবন কৃষ্ণ দে নিঃশর্ত ক্ষমা চেয়ে জনতার হাত থেকে তাদের ছাড়িয়ে আনেন। ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল এস কে মাখন ও বিধানকে সদর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা করা হয়েছে। মিথ্যা তথ্যদাতা হাশিমকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.