২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

রংপুর, বগুড়া ও খুলনায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর, বগুড়া ও খুলনায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ট্রাক উল্টে চার জন নিহত ও ছয় জন আহত হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক-বাসের সংঘর্ষে চার জন নিহত ও ১০ জন আহত হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলায় নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ রংপুর: রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চার শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ছয় জন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুরের তারাগঞ্জের মো. রবিউল (৩৫), গঙ্গাচড়ার অনুকুল চন্দ্র ও নীলফামারীর কিশোরগঞ্জের কালু মিয়া (৪৮)। হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। তার পরিচয় জানা যায়নি। হতাহতরা ঢাকা থেকে রংপুরে আসছিলো বলে এসআই হুদা জানান। বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলায় ট্রাক-বাসের সংঘর্ষে চালকসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোগা সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রংপুর স্টেশন রোডের তাজহাট এলাকার বিমল (৩৭) ও রনি (২৮)। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস আটক করা হয়েছে। খুলনা: ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে শনিবার দুপুর ১২টার দিকে নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার জন। নিহতরা হলেন-কেশবপুর উপজেলার মফেজ শেখ (৭০), ভীম পাল (৩০) এবং অজ্ঞাত পরিচয় এক মহিলা (৪০)। ডুমুরিয়া থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও নসিমন আটক করেছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/আরএ/১৬৪৯ ঘ.