মানিকগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে।
এতে পাটুরিয়া ঘাটে অন্তত সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যাবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলের পর থেকে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ঢেউয়ের মধ্যে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া প্রান্তে চারটি এবং দৌলতদিয়া প্রান্তে দু'টি ফেরি নোঙর করা রয়েছে।
পাটুরিয়ায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক যাত্রীবাহী বাস এবং শতাধিক ছোট গাড়ি আটকা আছে বলে রাত ৯টায় জানান আশরাফ উল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০০৬ ঘ.
bdnews24