বাগেরহাট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে সৃষ্ট নিুচাপের প্রভাবে জোয়ারের পানিতে শুক্রবার বাগেরহাট শহরসহ বাঁধ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বাঁধের বাইরের শতশত পরিবার। পানির চাপে সদর ও শরখোলা উপজেলায় বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম বলেন, শরণখোলার বলেশ্বর নদের উপর নির্মিত বেড়িবাঁধের বাইরের রাজেশ্বর গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাঁধের একাধিক স্থান অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।
দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি ৫-৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফাটল থেকে এবং কোন কোন স্থানে বাঁধ উপচে পানি ঢুকে এ দুটি বাঁধ সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে।
উপকুলীয় শরণখোলা উপজেলার ৩৫/১ প্রমত্তা বলেশ্বর নদের উপর নির্মিত বেড়ি বাঁধের ৬২ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটার ঝুঁকি মধ্যে রয়েছে বলে জানান তিনি।
"তিন কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। এই তিন কিলোমিটারের মধ্যে তিন চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এছাড়া বাগেরহাট সদর উপজেলার ৩৫/৩ পোল্ডারের ভৈরব নদের উপর নির্মিত ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে দুই কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। এখানে অন্তত ছয়টি স্থান একেবারে ভেঙে গেছে।"
শুক্রবার সকাল থেকে স্থানীয় গ্রামবাসী এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে মেরামতের কাজ করছে।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, জোয়ারের পানি ঢুকে শহরের মেইনরোড, প্রধান বাজার, ফলপট্টি, নাগেরবাজার, বাসাবাটি, কাজী নজরুল ইসলাম সড়কসহ একধিক এলাকা প্লাবিত হয়েছে।
তবে মংলা বন্দরে জাহাজে মালামাল ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।
মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামূল হক জানান, মংলা বন্দরে ছয়টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি চাল, দুইটি সার, দুইটি ক্লিংকার এবং একটি কন্টেনারবাহী জাহাজ রয়েছে। জাহাজগুলোতে মালামাল ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৯ ঘ.
bdnews24