নারায়ণগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে শুক্রবার ভোররাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ পুলিশ কর্মকর্তার নাম নাসির সিরাজী। তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়ন নৌ-ফাঁড়ির ইনচার্জ।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করতে রাত ২টার দিকে মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়ার কদমীর চর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের ২৫ সদস্যের একটি দল।
ফেরার পথে বাল্কহেড (বালিবাহী) ট্রলার নিয়ে ৪০/৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র টেঁটা, দা, বল্লম ও লাঠিসোটা নিয়ে উপজেলার কালাপাহাড়িয়া নামক স্থানে পুলিশের ট্রলারে হামলা চালায়।
এ সময় পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে ১৪ রাউন্ড গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এসআই নাসির নদীতে পড়ে যায় বলে জানান তিনি।
কালাপাহাড়িয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একেএম ফাইজুল ইসলাম ডালিমের এক সমর্থককে হত্যার মামলার আসামিসহ চার জনকে ওই অভিযানে গ্রেপ্তার করা হয়।
নিখোঁজ এসআইকে উদ্ধারে সকাল থেকে নদীতে অভিযান চলছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৩৭ ঘ.
bdnews24