কক্সবাজার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিুচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে কক্সবাজার সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার এসব ইউনিয়নে ভোট হওয়ার কথা ছিল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির আবদুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে বৈঠক করে ঈদগাঁও, চৌফলদণ্ডী, ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী ও জালালাবাদ ইউনিয়ন পরিষদে ভোট স্থগিত করা হয়েছে।
এসব ইউনিয়নে নির্বাচনের নতুন তারিখ পরে জানানো হবে। তবে ২১ জুন যেসব ইউনিয়নে ভোট হওয়ার কথা তা নির্ধারিত সময়েই হবে।
আমির আবদুল্লাহ বলেন, "হঠাৎ আবহাওয়া বৈরি হয়ে ওঠায় ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
কক্সবাজার আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ শহিদুল ইসলাম জানান, নিুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া শনিবারও অব্যাহত থাকতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬৩০ ঘ.
bdnews24