চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে রায়মঙ্গল নদীর কাছ দিয়ে বাংলাদেশ-পশ্চিবঙ্গ উপকূল অতিক্রম করেছে।
ঝড়ো আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা (প্রফেশনাল অ্যাসিসটেন্ট) মেঘনাদ তঙ্গ চঙঘ্যা শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে। সেটি গাঙ্গেয়-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থায় করছে।
নিুচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিুচাপটি স্থলভাগের আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
পতেঙ্গা আবাহাওয়া অফিস শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকতে পারে। সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থেকে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১২৩০ ঘ.
bdnews24