মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে করতে ছয়টি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৩১ মে ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতা ঘটার পরিপ্রেক্ষিতে কমিশন এ নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পল্লী) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলমান ইউপি নির্বাচনে কোনো ধরনের গোলযোগ যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির নির্দেশনা আজই ডিসি ও এসপিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
উদ্ভূত পরিস্থিতিতে জেলার ইউপি নির্বাচনগুলোর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ওপর বর্তায় উল্লেখ করে এক চিঠিতে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, আইন-শৃঙ্খলাবাহিনী পর্যাপ্ত নিয়োগ করা হয়েছে এবং পর্যাপ্ত সময়ও পাওয়া গেছে। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি।
অবশিষ্ট ইউপি নির্বাচনে ডিসি-এসপিকে যাবতীয় ব্যবস্থা নিতে ইসি নির্দেশ দিয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ব্যত্যয় ঘটলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। এক্ষেত্রে কারো কোনো পক্ষপাতিত্ব বা শৈথিল্য প্রদর্শন বা দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছয় ব্যবস্থা
প্রার্থীর বাড়ির নিকটবর্তী ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে প্রয়োজনে শক্তি বাড়িয়ে গোলযোগপূর্ণ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে।
ভোট গণনার সময় হামলা করে ব্যালট পেপার ছিনতাই, বাক্স ছিনতাই বা ফলাফল প্রকাশে বাধা দেওয়ার ক্ষেত্রে গণনা কক্ষে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং গণনা কক্ষের চারপাশে নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে।
ভোট গণনার পর ফল রিটার্নিং কর্মকর্তার অফিসে নেওয়ার পথে পুলিশ, আনসার, র্যাব, বিজিবির সহায়তায় নিরাপত্তা সহকারে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
রিটার্নিং কর্মকর্তার অফিসে ফল একীভূত করার আগে অনুমোদিত লোক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে।
ভোটকেন্দ্রগুলোর ভোট গণনা দ্রুত শেষ করে কেন্দ্রে ফল ঘোষণা করে দ্রুত রিটার্নিং কর্মকর্তার কাছে ফল ও নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
আইন-শৃঙ্খলাবাহিনীকে বেশি তৎপর ও দায়িত্বশীল এবং বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে দ্বিতীয় দফা নির্বাচন পরিস্থিতি নিয়ে গত ১৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি।
বৃহস্পতিবার 'অতি গুরুত্বের সঙ্গে' বিষয়টি নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি মহাপরিচালকসহ বিভাগীয় কমিশনার, জিআইজিকে চিঠির অনুলিপি পাঠায় ইসি।
বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে চিঠিতে বলা হয়, 'এ ধরনের অরাজক পরিস্থিতি আর কাম্য নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসি খুবই উদ্বিগ্ন, এ অবস্থা চলতে দেওয়া যায় না।'
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করার অভিযোগও পাওয়া যাচ্ছে বলে জানায় ইসি।
আগামী ৫ জুলাই পর্যন্ত ইউপি নির্বাচন চলবে।
বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/জেকে/১০০৪ ঘ.
bdnews24