ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জহুরুল হককে পৃথক দুটি মামলায় জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে তাকে জামিন দেন ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ।
তবে জামিন পেলেও কারাগার থেকে জহুরুল মুক্তি পেয়েছেন কি না তা নিশ্চিত করতে পারেননি তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
এ নিয়ে জহুরুল তার বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলাতেই জামিন পেলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আইনজীবী।
হরতালের সমর্থনে গাড়িতে আগুন ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার আভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জেল হাজতে পাঠিয়ে ছিলেন একই বিচারক।
গত ৫ জুন হরতালের আগের দিন রাজধানীর কাঁটাবন এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
গত ৮ জুন মহানগর হাকিম সাইফুল ইসলাম এ মামলায় তার জামিন দিয়েছিলেন।
৯ জুন তাকে জেল গেট থেকে ফের গ্রেপ্তার করা হয়। গত ১০ জুন তাকে গুলশান থানার দুটি ও তেজগাঁও থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি চাওয়া হয়। ওই দিন বিচারক গুলশানের দুটি মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন দিয়েছিলেন।
বাকি ছিল তেজগাঁও থানার এই দুইটি মামলা যে দুই মামলায় বৃহস্পতিবার তিনি জামিন পেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৫৬ ঘ.
bdnews24