সাতক্ষীরা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও মানহানিকর উক্তি করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খাঁনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন শহরের কামালনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে আবুল কালাম।
শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বাদি আবুল কালাম উল্লেখ করেছেন, সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনি গত ৮ মার্চ শহরের কামালনগর এলাকার আব্দুল আজিজ বাবুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। বিচারক মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।
কয়েকদিন অতিবাহিত হওয়ার পর বাদি আবুল কালাম মামলার খোঁজখবর নিতে থানায় গেলে ওসি শাহজাহান আলী খাঁন তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেন এবং আরো পাঁচ হাজার টাকা দাবি করেন। বাদি আর টাকা দিতে পারবেন না বলে থানা থেকে চলে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ওসি মামলাটি রুজু না করে ফাইলবন্দি করে রাখেন।
এর কয়েকদিন পর নিরুপায় হয়ে বাদি আবুল কালাম তার আইনজীবীর মাধ্যমে ওসিকে নোটিশ পাঠান। এক পর্যায়ে ওসি মামলাটি রুজু করেন।
এদিকে ওসি গত ১৮ এপ্রিল বাদিকে থানায় ডেকে এনে তার লাইসেন্স করা বন্দুকটি জমা করে নেন।
পরবর্তীতে মামলার খোঁজখবর ও বন্দুকটি ফেরত নিতে গেলে ওসি উত্তেজিত হয়ে বাদি আবুল কালামকে গালিগালাজ করেন ও ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এতে অপারগতা প্রকাশ করলে ওসি মিথ্যা মামলায় জড়িয়ে কোর্টে চালান দেয়ার হুমকি দিয়ে বাদিকে গলা ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেন।
বাদি তার মামলায় আরো উল্লেখ করেছেন, পরবর্তীতে বাদি জানতে পারেন ওসির দাবিকৃত টাকা না দেওয়ায় তার নির্দেশে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত ছাড়াই আসামির অনুকুলে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন।
সাতক্ষীরা জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন জানান, আদালতের আদেশে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী আল মাসুদকে তদন্ত করে আগামী ১৪ আগস্টের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৪ ঘ.
bdnews24