কুড়িগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় ১২ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজারহাট উপজেলার নির্বাচন আগামী ১৮ জুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে কালিরহাট বাজারে প্রথমে চেয়ারম্যান প্রার্থী তাইজুল ইসলামের কর্মীদের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় আরেক চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর সমর্থকরা সেখানে এলে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এতে তিন পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
পরে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে ১২ জনকে আটক করা হয়।
ইউএনও জানান, আহতদের মধ্যে ফজলু (৩৫), ডা. সাইফুল ইসলাম (৪৮), ফরিদুল (৩২), কফিল (৩৮), আশরাফুল (৩০), আজগার (৪০), সাইদুর রহমান (৩৪) ও রেজিয়া বেগমকে (৩২) রাজারহাট স্বাস্থ্যকেন্দ্রে ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত আটককৃতদেরকে পাঁচশ ও এক হাজার টাকা করে জরিমানা করে। জরিমানার অর্থ আদায় হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২২১ ঘ.
bdnews24