কুড়িগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগানের বাঁশ কেটে নেওয়ার বিচার চাইতে গিয়ে এক বিধবা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরেরকুটি গ্রামের বিধবা হাসের ভানু (৫০) বুধবার বিকেলে এই নির্যাতনে শিকার হন।
ওই গ্রামের স্কুল শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা মতিয়ার রহমান ও তার লোকজন হাসের ভানুকে প্রথমে মারপিট ও পরে তার মাথার চুল কেটে দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
নির্যাতনের পর হাসেরা ভানুকে আটকে রাখা হয়। পুলিশ বুধবার রাতে তাকে মাওলানা মতিয়ারের বাড়ি থেকে উদ্ধার করে।
চিলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, বুধবার রাত ৩টার দিকে অসুস্থ অবস্থায় হাসের ভানুকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসেরা ভানুর পুত্রবধূ আলেয়া (২৭) জানান, বুধবার দুপুরে তার শাশুড়ির বাঁশঝাড় থেকে মাওলানা মতিয়ারের লোকজন চারটি বাঁশ কেটে নিয়ে যায়।
বুধবার বিকাল ৪টার দিকে এ নিয়ে মতিয়ার রহমানের কাছে অভিযোগ দিয়ে বিচার দাবি করেন হাসেরা ভানু।
তখন মাওলানা মতিয়ার হাসেরা ভানুকে রাস্তায় কথা না বলে বাড়ি আসতে বলেন। বাড়িতে যাওয়ার পর মতিয়ার ও তার লোকজন হাসেরা ভানুকে প্রথমে মারধর করে এবং এক পর্যায়ে চুল কেটে দেয়। পরে তাকে সেখানেই আটকে রাখা হয়।
হাসেরা ভানুর মেয়ে সেলিনা (২৫) ও পূত্রবধু আলেয়া ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ রাতে ওই বাড়ি থেকে হাসেরা ভানুকে উদ্ধার করে।
এ ব্যাপারে মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।
তাহলে পুলিশ হাসেরা ভানুকে আপনার বাড়ি থেকে কেন উদ্ধার করলো- এমন প্রশ্নের জবাবে মাওলানা মতিয়ার চুপ করে থাকেন।
এসআই জিয়াউর রহমান জানান, থানায় লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২১৫ ঘ.
bdnews24