ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের করা মানহানি মামলায় বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশককে তলব করেছে আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আগামী ১৪ জুলাই তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দৈনিক বাংলাদেশ প্রতিবেদনে প্রকাশিত একটি প্রতিবেদন উদ্ধৃত করে পত্রিকাটির সম্পাদক শাহজাহান সরদার ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিনকে আসামি করে কায়কোবাদের পক্ষে তার ভাই কাজী আবু কাউসার মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, দৈনিকটির ১৪ জুন সংখ্যায় 'সেই গডফাদাররা এখন' শিরোনামে কায়কোবাদ ও তার পরিবারকে জড়িয়ে খবর প্রকাশ হয়েছে যা মিথ্যা ও মানহানিকর। প্রকাশিত খবরে কায়কোবাদের রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে।
বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আহম্মেদ আলী শেখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/২২০৪ ঘ.
bdnews24