চট্টগ্রাম, জ্নু ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি নগর বিএনপি। পরে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতা-কর্মীরা।
গত ১২ ও ১৩ জুন হরতালে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা-মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫টায় কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশের আয়োজন করে নগর বিএনপি।
সমাবেশে হরতালের সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলার দায়েরের তীব্র প্রতিবাদ জানানো হয়।
হরতালে গ্রেপ্তার নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান নেতারা।
নগর বিএনপি'র সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সরকারের সমালোচনা করে সাবেক সাংসদ বেগম রোজি কবির বলেন, "মানুষের মৌলিক অধিকার হরণ করে বর্তমান সরকার দেশে বাকশালী শাসন কায়েম করতে চায়।"
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, "দেশের জনগণ এখন আর এ সরকারকে চায় না। জনগণ এখন চায় মধ্যবর্তী নির্বাচন।"
বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত।
সমাবেশে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এ সরকারই শেষ সরকার নয়। সরকার পরিবর্তন হলে আপনাদের কেউ বাঁচাবে না।"
বিকাল ৪টার দিকে একই স্থানে সমাবেশ করে আবদুল্লাহ আল নোমানের অনুসারী বিএনপি নেতা-কর্মীরা।
নগর শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি সভানেত্রীর উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এ সরকারের কাছে দেশের জনগণ নিরাপদ নয়। সরকার তার দেওয়া কোনো প্রতিশ্র"তিই রাখতে পারেনি।
"তাই পরবর্তী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায় এ সরকার।:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২০০ ঘ.
bdnews24