২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানা চালুর দাবিতে মিছিল সমাবেশ

যমুনা সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, ঘেরাও ও সমাবেশ করেছে সরিষাবাড়ি নাগরিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

জামালপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা সার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, ঘেরাও ও সমাবেশ করেছে সরিষাবাড়ি নাগরিক কমিটি। বৃহস্পতিবার সকালে যমুনা সার কারখানা ঘেরাও ও মিছিল শেষে কারখানার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গাজিয়ার রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, ট্রাক-ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন ও যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। তারা জ্বালানি উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, তার কারসাজি ও সহযোগিতায় দেশি-বিদেশি চক্র দেশের ইউরিয়া সার কারখানাগুলো ধ্বংসের পাঁয়তারা করছে। দেশের সার কারখানাগুলো বন্ধ করে বিদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ নিুমানের সার বেশি দামে আমদানি করে দেশের অর্থনৈতিক ভীত দুর্বল করার জন্যই এই চক্রান্ত করা হচ্ছে। নাগরিক কমিটির নেতৃবৃন্দ জ্বালানি উপদেষ্টার অপসারণ দাবি করেন। আগামী ২০ জুনের মধ্যে দেশের বৃহত্তম এই সার কারখানা চালু করা না হলে জামালপুরের সর্বত্র গ্যাস সঞ্চালন বন্ধসহ বৃহত্তর আন্দোলনে যাবে বলে সমাবেশে ঘোষণা দিয়েছে নাগরিক কমিটি। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ মার্চ থেকে সঙ্কটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি জানান, কারাখানাটি প্রতিদিন ১ হাজার সাতশ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৯ ঘ.