বরগুনা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়ায় গ্রাম্য সালিশে নির্যাতিত মোমেনা আক্তারকে সালিশকারীরা হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় ইউপি সদস্য স্বপন খান ও তার লোকজন বুধবার রাতে মোমেনাকে জেলা সদর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়।
স্থানীয় প্রভাবশালীরা রোববার রাতে স্থানীয় জেলে বশির উদ্দিন (৩২) ও তার ট্রলারের কর্মচারী হেলাল উদ্দিনের স্ত্রী মোমেনা আক্তারকে (৩০) পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে দুইদফা জুতাপেটা করে। বশির ও মোমেনাসহ তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে। সালিশে নেতৃত্ব দেন স্বপন খান।
পুলিশ মঙ্গলবার রাতে মোমেনা ও বশিরকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু বৃহস্পতিবার সেখানে গিয়ে পাওয়া যায়নি মোমেনাকে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে রোগীকে আমরা পাইনি। সে কোনো ছাড়পত্রও নেয়নি। পাশের রোগীরা বলছে, এলাকার ইউপি সদস্য তাকে নিয়ে গেছে।"
মহিলা ওর্য়াডের ২৩ নম্বর বেডের রোগীনীর আত্মীয় হামিদ মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকেলের দিকে স্বপন খান তার লোকজন নিয়ে এসে মোমেনাকে তাদের সঙ্গে যেতে বলে। মোমেনা হাসপাতাল থেকে যেতে চায়নি। তখন তাকে জোর করে নিয়ে যায়।"
স্বপন খান রোগীনীকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন বলেও উল্লেখ করেন তিনি।
মহিলা ওর্য়াডের ২৪ নম্বর বেডের রোগীনীর আত্মীয় খলিল বিশ্বাস বলেন, "ইউপি সদস্য স্বপন খান এসে মোমেনার ভাইকে বলে, তোর বোনকে আমাদের সাথে যেতে বল। ওর চিকিৎসা আমরা করাব।"
পরে ওই ইউপির সদস্যের লোকজন মোমেনাকে জোর করে তুলে নিয়ে যায় বলে খলিল বিশ্বাস জানান।
ওই হাসপাতালেই চিকিৎসাধীন বশির উদ্দিন জানান, তিনিও শুনেছেন ইউপি সদস্য স্বপন খানের লোকজন মোমেনাকে নিয়ে গেছে।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মোমেনাকে তার গ্রামের বাড়িতেও নিয়ে যাওয়া হয়নি। তার ভাইদেরও এলাকায় পাওয়া যায়নি। মোমেনা কোথায় আছে তা কেউ বলতে পারছেন না।
স্বপন খানের ঘনিষ্ঠ বলে পরিচিত আরেক ইউপি সদস্য আবু হেনা মোস্তফা জামাল মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বপন খান মোমেনাকে হাসপাতাল থেকে তুলে নেননি। তবে মোমেনা যেখানে আছে ভালোই আছে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"
আবু হেনা মোস্তফা জামাল মিল্টন দুপুরে প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে 'সমঝোতা' করা প্রস্তাব দেন। এ বিষয়টি নিয়ে আর খবর প্রকাশ না করার জন্যও সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
সদর থানার ওসি আব্দুল খালেক হাওলাদার বলেন, "এ বিষয়ে কোনো মামলা হয়নি। ফলে আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।"
তবে হাসপাতালে চিকিৎসাধীন বশির সাংবাদিকদের বলেছেন, তার বাবা আব্দুল কাদের মোল্লা বুধবার সকালে এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন। কিন্তু থানা সেটি আমলে নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯২০ ঘ.
bdnews24