ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুত্বপূর্ণ তিনটি সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
যে তিনটি সড়ক চার লেনে উন্নীত করা হবে সেগুলো হলো- জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-হালিকামরুল, ফরিদপুর-বরিশাল, ঢাকা-মাওয়া-ভাঙ্গা। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এডিবি আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী এ কথা বলেন।
'অগ্রাধিকার প্রকল্প প্রস্তুতির জন্য সম্ভাব্যতা যাচাই' প্রতিবেদন বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন যোগাযোগমন্ত্রী।
তিনি জানান, প্রস্তাবিত পদ্মাসেতু এবং বঙ্গবন্ধু সেতুর সঙ্গে সংযোগ স্থাপন এবং যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালী করতে ওই তিন সড়ক চার লেনে উন্নীত করা হবে।
সৈয়দ আবুল হোসেন বলেন, ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবেলায় গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে চার লেনে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। আমাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থ দরকার তা বাজেট নেই। দাতাদের সহায়তায় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কৃষিজমি রক্ষার ব্যাপারে সচেষ্ট থাকতে তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান এবং এই কর্মশালা আয়োজনের জন্য এডিবিকে ধন্যবাদ জানান।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খান, এডিবির প্রকল্প কর্মকর্তা লী মিং তাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24