ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরকে হত্যার চেষ্টার মামলায় তার স্বামী হাসান সাইদকে দুই দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
৩৮ বছর বয়সী সাইদকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তাকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে সাইদের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।
শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিনের আবেদন খারিজ করে ২ দিনের হেফাজত মঞ্জুর করেন।
গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। এর দশ দিনেও মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বুধবার হাইকোর্ট একটি রুল জারি করে। এই রুল জারির তিন ঘণ্টার মাথায় বুধবার বিকালেই হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জামিনের আবেদনে সাইদের আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী বলেন, "এজাহারে হত্যা চেষ্টার কোনো ঘটনা উল্লেখ করা হয়নি। রুমানার পরকীয়া প্রেম ও তার কানাডায় পড়তে যেতে চাওয়া নিয়ে সাইদের সঙ্গে তিক্ততা হয়। কথাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ কারণে রুমানা ব্যাথা পায়।"
আইনজীবী বলেন, "সাইদ কখোনোই রুমানার চোখ তুলে ফেলার চেষ্টা করেনি। বাদী ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে এজহারে পরিবেশন করেছেন। আর গণমাধ্যম বিষয়টিকে উসকে দিয়েছে।"
বাদী পক্ষে জামিনের আবেদনের বিরোধিতা করেন অ্যাডভোকেট জাকারিয়া হায়দার।
হেফাজতের আবেদনে বলা হয়, রুমান কে হত্যাচেষ্টার উদ্দেশ্য পরিষ্কার হওয়ার জন্য সাইদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
এদিকে রুমানা মঞ্জুরের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ক্যানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। রুমানা ওই বিশ্ববিদ্যালয়েই মাস্টার্স করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১০১ ঘ.
bdnews24