ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থাসহ পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে ব্যারিস্টার রফিক-উল হকের বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শফিক আহমেদ বলেন, "পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের দেওয়া রায়ের ভিত্তিতেই সংবিধান পুনর্মুদ্রন করা হয়েছে। পুনর্মুদ্রিত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হুবহু রাখা হয়েছে। এতে কোনো ধরনের পরির্বতন আনা হয়নি। সুতরাং এখানে বিভ্রান্তির কোনো সুযোগও নেই।"
অবশ্য ১২ জুন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ব্যারিস্টার রফিক বলেছিলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে মুদ্রিত সংবিধানে ৯৯ অনুচ্ছেদ নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মামলার রায়ে পর মুদ্রিত সংবিধানে ৯৯ অনুচ্ছেদের পরির্বতন আনা হয়েছে। অথচ পঞ্চম সংশোধনীর রায়ে ৯৯ অনুচ্ছেদ নিয়ে কোনো কথা বলা হয়নি।
সংবিধানের ৯৯ অনুচ্ছেদ তুলে ধরে তিনি আরো বলেন, ১০ মে ত্রয়োদশ সংশোধনীর রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তাহলে পঞ্চম সংশোধনীর আলোকে ১০ ফেব্র"য়ারিতে মুদ্রিত সংবিধানে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধন করা হলো?
এরপর ত্রয়োদশ সংশোধনীর রায় নিয়ে যে কেউ সরকারের যোগসাজসের অভিযোগ তুলতে পারে বলেও মন্তব্য করেন রফিক। পরের দিন কয়েকটি সংবাদপত্রেও তার এই সাক্ষাৎকার ছাপা হয়।
এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "পঞ্চম সংশোনী বাতিল করে দেওয়া রায়ে সামরিক ফরমান দিয়ে সংবিধানে যেসব সংশোধনী আনা হয়েছিল তা বাতিল করা হয়েছে। এর আলোকেই ৯৯ অনুচ্ছেদের 'ব্যাতিত' অংশটি বাদ দেওয়া হয়েছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কেননা বাতিল বিষয় সংবিধানে আনা যায় না।"
৯৯ অনুচ্ছেদে বলা হয়েছে, "কোনো ব্যক্তি অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ব্যতিত বিচারক পদে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের পর কিংবা অপসারিত হইবার পর তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিতে পারিবেন না অথবা বিচারবিভাগীয় বা [আধা বিচারবিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ] ব্যতিত প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে বহাল হইবেন না।"
তবে পুনর্মুদ্রিত সংবিধানে ৯৯ অনুচ্ছেদের শেষ বাক্যে 'আধা বিচারবিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ ব্যতিত' অংশটি বাদ দিয়ে সরাসরি 'প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকা যাবে না' বলে উল্লেখ করা হয়েছে।
পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনার ফুটনোট-১, ৩৮ অনুচ্ছেদ ও এর ফুটনোট-১ এবং ৯৯ অনুচ্ছেদ এবং এর ফুটনোট-৩ কে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করার বিষয়ে আদালতের আদেশ চেয়ে করা একটি রিট শুনানির অপেক্ষায় রয়েছে। গত ৬ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল হালিম ওই রিট করেন। রিটে তিনি পুনর্মুদ্রিত সংবিধানের এসব অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিতেরও নির্দেশ চেয়েছেন। আগামী ২০ জুন এর ওপর শুনানির তারিখ রয়েছে।
'সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন' উল্লেখ করে মন্ত্রী বলেন, "রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হলো সংবিধান মেনে চলা। আমাদের সবাইকে তা মানতে হবে। এর বাইরে কিছু নেই।"
'ফর্মুলা নিয়ে আলোচনা সংসদে'
শফিক আহমেদ বিএনপির উদ্দেশে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্পর্কে নতুন কোনো ফর্মুলা থাকলে সংসদে এসে কথা বলুন। সংসদে তা আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এই বিষয়ে বাববার আহ্বান জানিয়েছেন।"
"গণতন্ত্রে বিশ্বাসী হলে সংসদে আসুন। না হলে বুঝতে হবে তারা এ বিষয়ে আলোচনা চান না।"
তিনি বলেন, "কীভাবে আগামী নির্বাচন হবে সে বিষয়ে যদি কোনো পদ্ধতি বা ফরমুলা থাকে তাহলে দেশের বুদ্ধিজীবী মহল সেই প্রস্তাব সরকারকে দিতে পারে।"
গত ৮ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫১টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/১৮২২ ঘ.
bdnews24