২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর জামিনের ওপর স্থগিতাদেশ ২৩ জুন পর্যন্ত

বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। ২৩ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পিন্টুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এছাড়া বিডিআর বিদ্রোহ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক আদালতে বক্তব্য রাখেন। গত ৯ জুন রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি পিন্টুকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন। আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান তিনি। গত রোববার শুনানি হওয়ার কথা থাকলেও হরতালের কারণে হয়নি। এর আগে ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ থেকে জামিন পান বিএনপির এই নেতা। ওদিকে ৯ জুন চেম্বার বিচারপতি বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর জামিনের বিষয়ে কোনো আদেশ না দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। বৃহস্পতিবার ওই আবেদনটি শুনানির কথা থাকলেও আপিল বিভাগের কার্যতালিকায় তা স্থান পায়নি। বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্র"য়ারি দায়ের মামলায় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৯ সালের ২ জুন গ্রেপ্তার করা হয় পিন্টুকে। অন্যদিকে, ২০০১ সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার অভিযোগে দায়ের মামলায় আব্দুস সালাম পিন্টুকে ২০০৯ সালের ৯ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয়। ২০০১ সালের ১৭ জুন এ মামলাটি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৪০৩ ঘ.