চাঁদপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'টাকা দিয়ে ভোট কেনা'র অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপি সমর্থক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মোজাফফর হোসেন টামটা দক্ষিণ ইউনিয়ন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের উয়ারুক এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, ব্যক্তিগত গাড়িতে করে রাতে উয়ারুক এলাকায় এক ব্যক্তির বাড়িতে যান মোজাফফর। ওই সময় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খবর পেয়ে টহলরত পুলিল ঘটনাস্থল থেকে মোজাফফরকে গাড়িসহ আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর থানায় উপস্থিত হন।
ম্যাজিস্ট্রেটের নির্দেশে মোজাফফের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭০ জন, সাধারণ সদস্য পদে ৩৮৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩০৬ ঘ.
bdnews24