২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ চোর গ্রেপ্তার, ১০টি মোটরসাইকেল উদ্ধার

চট্টগ্রামে আরো চার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হওয়া ১০টি মোটর সাইকেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আরো চার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হওয়া ১০টি মোটর সাইকেল। গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ হোসেন (২৩), আবুল কালাম (২৭), সানি জুবায়ের রনি (২৫) ও নুরুল আলম (২৪)। কোতয়ালী থানা ও নগর গোয়েন্দা পুলিশ সদস্যরা মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরী এবং বান্দরবানের লামা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। গত বৃহস্পতিবার তিনটি চোরাই মোটরসাইকেলসহ চার চোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া চারজনের স্বীকারোক্তি অনুযায়ী এই চারজনকে গ্রেপ্তার এবং এদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই মোটরসাইকেল চুরির একটি চক্রের সঙ্গে জড়িত। অভিযানে অংশ নেওয়া কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে মুরাদপুর থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে কালামকে একটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এ দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর এলাকা থেকে রনি ও নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ মোহসিন জানান, গ্রেপ্তার হওয়া রনি ও নুরুল আলম দুইজনই চট্টগ্রাম থেকে চুরি হওয়া অধিকাংশ মোটর সাইকেলের ক্রেতা। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকরা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে তা নিয়ে যেতে পারবেন বলেও সিএমপি'র পক্ষ থেকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২৩৩৮ ঘ.