২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাফত মজলিশের নগর সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিএনপি ঘোষিত দুই দিনের বিক্ষোভ-কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল করার সময় খেলাফত মজলিশের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ঘোষিত দুই দিনের বিক্ষোভ-কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল করার সময় খেলাফত মজলিশের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন, খেলাফত মজলিশের ঢাকা মহানগরীর সভাপতি নোমান মাজাহারি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ইসলামি ছাত্র মজলিশের মহানগর (দক্ষিণ) সভাপতি কামরুল হাসান ও মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক আবুল বাশার। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুমতি ছাড়া বিজয় নগর এলাকায় মিছিল বের করে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অবশ্য খেলাফত মজলিশের আমীর অধ্যক্ষ মো. ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পূর্ব ঘোষিত চারদলের কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়ে নেতাদের গ্রেপ্তার করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর রোব ও সোমবারের টানা ৩৬ ঘণ্টার হরতালে সমর্থন দিয়েছিলো খেলাফত মজলিশ। হরতালের শেষ দিন এক সংবাদ সম্মেলনে দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/এএল/২২৪০ ঘ.