ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম জানিয়েছেন, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৪১১ জন।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইমাজ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার উদ্যোগে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের চারটি তালিকা করা হয়েছে। ১৯৭২ সালের কল্যাণ ট্রাস্টের তালিকায় ৬৯ হাজার ৮৩৩ জন, ১৯৮২ সালের জাতীয় তালিকায় এক লাখ দুই হাজার ৫৫৮ জন এবং ১৯৯৬ সালের মুক্তিবার্তা তালিকায় এক লাখ ৫৪ হাজার জন মুক্তিযোদ্ধা রয়েছে।
"যাচাই বাছাই করে সঠিক মুক্তিযোদ্ধার তালিকা তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।"
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে।
অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তালিকাভুক্ত নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ১৬২ জন।
এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২২২০ ঘ.
bdnews24