ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের উন্নয়নে আগামী অর্থবছরে মন্ত্রণালয় ভিত্তিক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন।
লিখিত বক্তব্যে মামুন বলেন, সরকারের উন্নয়নের মূলস্রোত ধারায় সমঅধিকারের পরিবর্তে প্রতিবন্ধী মানুষ উপেক্ষিত। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য বিদ্যমান কার্যবণ্টন বিধি প্রতিবন্ধীদের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা দূর করে প্রতিবন্ধীদের উন্নয়নে আগামী অর্থবছরে মন্ত্রণালয় ভিত্তিক বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি।
একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল সার্ভিসে প্রতিবন্ধীদের পৃথক বরাদ্দ রাখার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, ক্রীড়া খাতে ৩ কোটি এবং প্রতিবন্ধীদের সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়।
গত ৯ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১১-১২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধীদের কল্যাণে ২১ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
এর আগে ২০১০-১১ অর্থ বছরের বাজেটের উন্নয়ন খাতে প্রতিবন্ধীদের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ ছিলো না। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ পরিষদসহ বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা ছিলো মোট বাজেটের দশমিক ১০ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, নির্বাহী কমিটির সদস্য হারুন উর রশীদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৭৪২ ঘ.
bdnews24