গাইবান্ধা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চারটিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থক প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থক একটিতে এবং স্বতন্ত্র প্রার্থী একটিতে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার এসব ইউপিতে ভোটগ্রহণ হয়। মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিব আহসান এ ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- কুপতলা ইউনিয়নে রফিকুল ইসলাম তারা, রামচন্দ্রপুরে রফিকুল ইসলাম, বোয়ালীতে শহিদুল ইসলাম সাবু ও বাদিয়াখালীতে রফিকুল ইসলাম মুসকরী।
বল্লমঝাড় ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক এমারুল ইসলাম সাবিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবার রহমান টুলু সাহাপাড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৯ ঘ.
bdnews24