সাইদ মেমন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বরিশাল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেলের দাম লিটার প্রতি বাড়লো ২ টাকা- আর লঞ্চ যাত্রীদের বাড়িয়ে দিতে হবে ২২ টাকা। এটা কোন ধরনের নিয়ম?- ঝালকাঠীর বাসিন্দা শরিফুল ইসলাম বরিশাল লঞ্চ ঘাটে নেমেই ঢাকা-বরিশাল রুটের নতুন ভাড়া জানতে পেরে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার লঞ্চ ও নৌযানের ভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। নৌপথে একশ' কিলোমিটার দূরত্ব পর্যন্ত মাথাপিছু ভাড়া ১ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৩০ পয়সা করা হয়েছে। আর একশ' কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ৮৮ পয়সা থেকে বেড়ে হচ্ছে ১ টাকা। আর ন্যূনতম ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ টাকা। আগামী ২১ জুন থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা ওয়াকিল নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী ঢাকা-বরিশাল নৌরুটের দূরত্ব ১৮৪ কিলোমিটার। দূরত্ব অনুযায়ী প্রত্যেক যাত্রীর ভাড়া ছিলো ১৮৪ টাকা। আগামী ২১ জুন থেকে তাতে যোগ হবে আরো ২২ টাকা। তাতে মোট ভাড়া দাঁড়াবে ২০৬ টাকা।
অবশ্য শরিফুল ইসলাম এতো যুক্তি মানতে নারাজ। তার সোজা কথা, "লঞ্চ মালিকদের সঙ্গে মিলে সরকারও যাত্রীদের জিম্মি করেছে।"
মেহেন্দিগঞ্জ থেকে আসা রহিমা বেগম ভাড়া বাড়ানোর কথা শুনেই নিজের কান ধরলেন।
"বাবা, মোর আর ঢাহা (ঢাকা) যাওয়ার হাউস (শখ) অনারা (মালিকরা) মিডাইয়া দেছে। এই যাওনই মোর শেষ যাওন। মুই বাইচ্ছা থাকতে আর লঞ্চে ঢাহা যামু না।"
অতিকষ্টে পারাবাত-৯ লঞ্চে একটু বসার জায়গা পাওয়া বাকেরগঞ্জের বৃদ্ধ আব্দুর রহিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "ভাই, দেশটা তো মগের মুল্লুক। আমরা যারা সাধারণ মানুষ- তারা হলাম গোলাম। তারা যা হুকুম করবে তাই তো মানতে হবে।"
বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ও বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, বাস ভাড়ার পর লঞ্চ ভাড়াও বাড়ানো হলো। বাস ভাড়া বাড়ায় দক্ষিণাঞ্চলে তেমন কোনো প্রভাব না পরলেও লঞ্চভাড়া বৃদ্ধির কারণে এ অঞ্চেলের মানুষের কষ্ট বাড়বে।
তিনি বলেন, "এর ফলে ইচ্ছে না থাকলেও আন্দোলন করতে বাধ্য হবে দক্ষিণাঞ্চলের মানুষ। আর এই আন্দোলনে বিভাগ উন্নয়ন পরিষদও অংশ নেবে।"
বরিশাল-ঢাকা রুটের একটি লঞ্চের মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে প্রতি ট্রিপে (আসা-যাওয়ায়) কমপক্ষে ৫০/৬০ হাজার টাকা লাভ করে মালিকপক্ষ। প্রতিবার ঢাকা আসা ও যাওয়ায় লঞ্চপ্রতি গড়ে ৩ লাখ টাকারও বেশি ভাড়া আদায় হয়। শ্রমিক বেতনসহ আনুষঙ্গিক খরচ বাদ দিলে লাখ টাকা পর্যন্ত লাভ থাকার কথা।
অবশ্য লঞ্চ মালিক সমিতির সদস্য ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুর রহিম বলেন, শুধু তেলের দামের ওপর নির্ভর করে ভাড়া বাড়ানো হয়নি। আনুষাঙ্গিক সবকিছুর দামই বেড়েছে। এ সব কিছু বিবেচনায় রেখেই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
"আনুষঙ্গিক জিনিসপত্রের দাম ও শ্রমিক মজুরি যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে নতুন এই ভাড়া যুক্তিযুক্ত বলেই মনে করি," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/০০২০ ঘ.
bdnews24