২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর আজিজ মহল্লার একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর আজিজ মহল্লার একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নার্গিস আক্তারের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি ছয়-সাত বছর ধরে ওই বাসায় কাজ করছিলো। দুইদিন আগে পাশের বাসার এক মহিলার মাধ্যমে মা রুমেলাকে নিজের ওপর নির্যাতনের কথা জানায় নার্গিস। খবর পেয়ে সকালে নার্গিসের মা ও দাদি নাটোরের গোড়াইগ্রামের লক্ষ্মীলাল থেকে মেয়েকে দেখতে আসেন। গৃহকর্মীর লাশ উদ্ধার করা হলেও ওই বাসার অন্য কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি। গৃহকর্তা কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিন আগে স্ত্রী রাগ করে সন্তানদের তার কাছে রেখে বাবার বাড়ি চলে গেছেন। "বুধবার সকালে ঘুম থেকে উঠে নার্গিসকে ডাকা হলে সে না ওঠায় আমি ছেলেদের নিয়ে স্কুলে চলে যাই। সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে প্রাতভ্রমণ শেষে বাসার কাছে এসে এক আত্মীয়কে বাসায় পাঠিয়ে খোঁজ নিতে বলি- নার্গিস ঘুম থেকে উঠেছে কি না। ওই আত্মীয় এসে জানায় নার্গিসের দরজা ভেতর থেকে লাগানো। পরে পাশের ঘর দিয়ে ঢুকে বাথরুমে ঢুকে নার্গিসের কক্ষে উঁকি দিলে দেখা যায়- নার্গিস ফ্যানের সঙ্গে ঝুলছে।" এরপরই এলাকার লোকজন খবর পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নার্গিসের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই ভয়ে আত্মগোপনে আছেন বলে জানান আনোয়ার। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/পিডি/২০৩২ ঘ.