নড়াইল, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নড়াইল সদর উপজেলায় ছয় জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান কলোড়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের এ জেল-জরিমানা করেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
নড়াইলের ডেপুটি কালেক্টর মো. তবিবুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনী আইন অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টার পর থেকে ওই ইউনিয়নে সকল ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ থাকার কথা।
কিন্তু কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিষ কুমার বিশ্বাসের কয়েকজন সমর্থক নির্বাচনী আইন ভঙ্গ করে মাইক্রেবাসে করে শিমুলিয়ায় প্রচার চালাচ্ছিল। তাদের আটক করে ভ্রাম্যমাণ আদলতে বিচার করা হয়।
তিনি জানান, নির্বাচনী আইন ভঙ্গের দায়ে কলোড়া গ্রামের রবিউল ইসলামকে (৪৫) এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগদিয়ারচর গ্রামের রতন বাগচী (৫২), চরনগর গ্রামের প্রণব কান্তি বিশ্বাস (৬০), বাহির গ্রামের অরুণ বিশ্বাস (৩২), কলোড়া গ্রামের আব্দুল ওয়াহাব মোল্লা (৩৮) ও আলাদাতপুর গ্রামের মাইক্রোবাস চালক ফরিদ হাসান (২৯) প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪০ ঘ.
bdnews24