সিরাজগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশে দুই গ্রামের বাসিন্দাদের সহিংসতায় অন্তত ৬০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর ও মাধবপুর গ্রামে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এসময় ১০টি ঘর ভাংচুর করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশ জানায়, রোববার অনুষ্ঠিত তাড়াশ সদর ইউনিয়নের নির্বাচনে মথুরাপুর গ্রামের চাঁন আলী সাধারণ সদস্য পদে জয়ী হন। মাধবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক পরাজিত হন।
গ্রাম দুটি পাশাপাশি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পরাজয় নিয়ে এই দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা চলছিলো।
মথুরাপুর গ্রামের উত্তর পাড়ায় একটি গভীর নলকূপ রয়েছে যেখান থেকে উভয় গ্রামের লোকজন পানি নিয়ে থাকে।
ওই নলকূপের পানি বণ্টণকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন মঙ্গলবার সকালে বৈঠকে বসে। পানি সরবরাহ নিয়ে এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তখন উভয় গ্রামের নারী-পুরুষরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ রামদা, হাসুয়া, ফালা ও লাঠিসোটা ব্যবহার করে। এসময় উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত ও প্রায় ১০টি বাড়ি ভাংচুর করা হয় বলে এসআই জানান।
আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২৫ ঘ.
bdnews24