ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক রুমানা মনজুরের নির্যাতনকারী স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার অপরাজেয় বাংলার সামনে এক প্রতিবাদ সমাবেশে এই 'আল্টিমেটাম' ঘোষণা করা হয়।
গত ৫ জুন ধানমণ্ডির বাসায় প্রকৌশলী স্বামী হাসান সাইদ সুমনের নির্যাতনের শিকার হন রুমানা। নির্যাতনে রুমানার দুটি চোখই নষ্ট হওয়ার পথে। ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় রুমানার বাবা সাবেক সেনা কর্মকর্তা মনজুর হোসেন ধানমণ্ডি থানায় একটি মামলা করেছেন।
নয়দিন আগে এ ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দোষীর শাস্তি চেয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। সাইদকে গ্রেপ্তার ও ওই শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।
প্রতিবাদ সমাবেশ
বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, "আমাদের সহকর্মী রুমানা মনজুরের ওপর তার স্বামী এমনভাবে নির্যাতন করেছে যা দেখলে সুস্থ মানুষের পক্ষেও স্বাভাবিক থাকা সম্ভব নয়। অনেক টেলিভিশন সোমবার ম্যাডামের কিছু বক্তব্য প্রকাশ করা অসম্ভব বলে জানিয়েছে।"
এই বর্বরচিত নির্যাতনকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, "আমরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষিকার স্বামীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, "একজন হাসান সাইদ কী হয়ে গেল যে তাকে পুরো প্রশাসনযন্ত্র আট দিনেও গ্রেপ্তার করতে পারছে না?"
২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে 'তীব্র আন্দোলন' গড়ে তোলার ঘোষণা দেন এই শিক্ষক।
অন্যদের মধ্যে সমিতির নেতা অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক সহিদ আকতার হোসেন ও অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ।
এর আগে ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিলের আয়োজন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৭০৯ ঘ.
bdnews24