ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেজর জেনারেল আনোয়ার হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি মেজর জেনারেল রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই বদলির আদেশ জারি করে। রফিকুল ইসলামকে তার আগের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১৪ জুলাই আমি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছি।"
সামনে বিডিআর বিদ্রোহের মামলার একটি রায়ের দিন ধার্য আছে জানিয়ে তিনি বলেন, "ওই রায় দিয়ে অন্যান্য প্রক্রিয়া শেষ করেই আমি পুরনো দায়িত্বে ফিরে যাব।"
এছাড়া অন্য এক আদেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৬৫১ ঘ.
bdnews24