চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের নিচে পড়ে একটি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছে।
মাদাম বিবির হাট এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে আহত হয়েছে অটোরিকশার এক যাত্রী।
নিহতরা হলেন- মনির (৩০), হালিম (৩৫), মজিদ (৩০), নুরুচ্ছফা (৫৫) ও অটোরিকশাচালক লোকমান মিয়া (৩২)। আহত হযরত আলীকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের বারআউলিয়া ফাঁড়ির উপপরিদর্শক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামমুখী একটি খালি ট্রাক কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির ফটকের সামনে সীতাকুণ্ডমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। দুটি গাড়ির গতি বেশি থাকায় অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে যায়।
অটোরিকশার যাত্রীরা সবাই জাহাজভাঙা কারখানার শ্রমিক। তারা কর্মস্থল এসএম করপোরেশনে যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।
নিহত মনির, হালিম ও মজিদের বাড়ি পিরোজপুর জেলায়। নুরুচ্ছফার বাড়ি ভাটিয়ারীর ইমামনগরে।
ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১০০৫ ঘ.
bdnews24