২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর হিল উইমেন্সের ১১ সদস্য মুক্ত

অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর সোমবার রাতে মুক্তি পেয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখার সভাপতিসহ ১১ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 08:05 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

রাঙামাটি, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর সোমবার রাতে মুক্তি পেয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখার সভাপতিসহ ১১ সদস্য। রাঙামাটি জেলার পুলিশ সুপার মাসুদ উল হাসান রাত সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মধ্যস্তকারীর জিম্মায় অপহৃত ১১জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তারা কোথায় আছে এবং কারা তাদের অপহরণ করেছিল- সে বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করে তিনি। পুলিশ সুপার বলেন, "নিরাপত্তার কারণে এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে তারা মুক্তি পেয়েছেন এবং নিরাপদেই রয়েছেন।" মক্তিপ্রাপ্ত ১১ জনের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। এর হালেন- এইচডব্লিউএফ সভাপতি যুথিকা চাকমা, শিপা চাকমা, লিলি চাকমা, বিনতা চাকমা, রিচা চাকমা, নিপা চাকমা, বিপাশা চাকমা, একি চাকমা, জেকি চাকমা ও লিপিকা চাকমা। এইচডব্লিউএফ এর মূল সংগঠন ইউপিডিএফ অভিযোগ করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লোকেরা সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি সদরের বনরুপা থেকে ওই ১১ জনকে অপহরণ করে। তবে জনসংহতি সমিতি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক অলকেষ চাকমা বলেন, "এইচডব্লিউএফ নেত্রী কল্পনা চাকমার অপহরণ দিবস পালনে ঢাকা যাওয়ার জন্য তারা (১১ জন) সন্ধ্যা ৭টার দিকে নানিয়ারচর উপজেলা থেকে নৌকায় করে রাঙামাটি শহরে পৌঁছান। নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গে দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।" এ প্রসঙ্গে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, জনসংহতি সমিতি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়। ইউপিডিএফের রাঙামাটি জেলা শাখার প্রেস শাখার প্রধান সোনামনি চাকমা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরকারীরা পার্বত্য জেলা পরিষদের এক সদস্যের জিন্মায় এইচডব্লিউএফ এর ১১ সদস্যকে মুক্তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০২০২ ঘ.