২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশের অস্ত্রটি খুঁজে পেল এক শিশু

ভোলার মনপুরায় পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে মনির নামের এক শিশু (১২)। এক সপ্তাহ আগে নির্বাচনকে ঘিরে সংঘর্ষের সময় রাইফেলটি খোয়া যাওয়ার পর থেকে পালিয়ে বেড়াতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 07:47 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

বরিশাল, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরায় পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে মনির নামের এক শিশু (১২)। এক সপ্তাহ আগে নির্বাচনকে ঘিরে সংঘর্ষের সময় রাইফেলটি খোয়া যাওয়ার পর থেকে পালিয়ে বেড়াতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। পুলিশ ও স্থানীরা জানান, গত ৫ জুন মনপুরার সাকুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় তিন ঘণ্টার ওই সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের চারটি অস্ত্র ছিনতাই হয়। পরেব্যাপক তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি অস্ত্র উদ্ধার করা গেলেও একটি চাইনিজ রাইফেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোয়া যাওয়া ওই রাইফেলের সন্ধানে বেড়ি বাঁধ কেটে খালের পানি সেচেও তল্লাশী চালায় পুলিশ। তাদের অভিযানের কারণে উত্তর সাকুচিয়া গ্রামের কয়েক হাজার মানুষ গত সাত দিন ধরে পালিয়ে বেড়ায়। তিনটি বাজার বন্ধ থাকায় বহু মানুষকে অর্ধাহারে-অনাহারে কাটাতে হয়। স্থানীয় বাসিন্দা শহিদ জানান, মাস্টার হাট বাজার সংলগ্ন খালের ওপর সাইফুল নামের এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। মনির সোমবার ওই বন্ধ দোকানের নিচে কয়েকটি পিরিচ পড়ে থাকতে দেখে সেগুলো আনতে যায়। সেখানেই হারানো রাইফেলটির সন্ধান পায় সে। মনির বিষয়টি জানানোর পর পুলিশসহ গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই মনিরকে নিয়ে উল্লাসে মেতে ওঠেন। সহকারী পুলিশ কমিশনার সাইফুদ্দিন শাহীন সাংবাদিকদের বলেন, "এই অস্ত্রের কারণে গত ৬/৭ দিন ধরে অনেক নিরপরাধ মানুষকে কষ্ট পেতে হয়েছে।" এএসপি শাহীন বলেন, "অপরাধী ছাড়া কাউকে হয়রানি করা হবে না। প্রকৃত অপরাধীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।" এরপর অস্ত্র উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে উত্তর সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলিশ ক্যাম্প থেকে ৫৫ জনের মধ্যে ৪১ জন পুলিশ সদস্যকে ফিরিয়ে আনা হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, "দুই-এক দিনের মধ্যে বাকিদেরও ফিরিয়ে আনা হবে।" বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১২৮ ঘ.