২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিল উইমেন্সের ১১ সদস্যকে অপহরণের অভিযোগ

হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) জেলা শাখার সভাপতিসহ ১১ সদস্য রাঙামাটি সদরের বনরুপা থেকে অপহৃত হয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

রাঙামাটি, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) জেলা শাখার সভাপতিসহ ১১ সদস্য রাঙামাটি সদরের বনরুপা থেকে অপহৃত হয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অপহরণের ঘটনা ঘটেছে দাবি করে ইউপিডিএফ এজন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। হিল উইমেন্স ফেডারেশন ইউপিডিএফ সমর্থিত সংগঠন। রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান এ প্রসঙ্গে জানান, তিনি বিষয়টি শুনেছেন, তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে ফোর্স নামানো হয়েছে। ১১ 'অপহৃতের' ১০ জনের নাম জানাতে পেরেছেন ইউপিডিএফ'র রাঙামাটি জেলা সংগঠক অলকেষ চাকমা। এরা হলেন- এইচডব্লিউএফ সভাপতি যুথিকা চাকমা, শিপা চাকমা, লিলি চাকমা, বিনতা চাকমা, রিচা চাকমা, নিপা চাকমা, বিপাশা চাকমা, একি চাকমা, জেকি চাকমা ও লিপিকা চাকমা। অলকেষ বলেন, আজ [সোমবার] সন্ধ্যা ৭টার দিকে এইচডব্লিউএফ নেত্রী কল্পনা চাকমার অপহরণ দিবস পালনে ঢাকার উদ্দেশ্য একটি চেয়ার কোচে উঠতে তারা নানিয়ারচর উপজেলা থেকে দেশি নৌকায় রাঙামাটি শহরে সমতাঘাটে পৌঁছান। "নৌকা থেকে নামার সঙ্গেসঙ্গে দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।" তিনি অবিলম্বে 'অপহৃতদের' মুক্তি দাবি করেন। খাগড়াছড়ির বাঘাইছড়ির নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে ১৯৯৬ সালের ১২ জুন অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। এদিকে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, তিনি ঘটনাটি শোনেননি। জনসংহতি সমিতি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫০ ঘ.