২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ৩ মামলা

সীতাকুণ্ডের সোনাইছড়িতে একটি শিল্প গ্র"পের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের সোনাইছড়িতে একটি শিল্প গ্র"পের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান, রোববার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত থানায় এ ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকালে সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের গামারি তলা গ্রামে বাসিন্দাদের সঙ্গে আবুল খায়ের গ্র"পের একেএস স্টিল মিলস লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষ হয়। গ্রামের আবিদুল গাউছ নামের এক ব্যক্তির পারিবারিক মালিকানাধীন পাহাড়ের জমি ওই বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা দখল নিতে গেলে এ সংঘর্ষ হয় বলে অভিযোগ রয়েছে। এতে গ্রামবাসী, পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। ওসি নূর মোহাম্মদ জানান, গ্রামবাসীর পক্ষে আহত আবিদুল গাউছ বাদী হয়ে একেএস স্টিলের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে দেড়শ জন শ্রমিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গিয়াস উদ্দিন সাগর বাদী হয়ে কারখানাটির ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন বলে জানান ওসি। এছাড়া একেএস স্টিলের সহকারি-ব্যবস্থাপক শাহ আলম বাদী হয়ে তিনশ গ্রামবাসীকে আসামি করে আরেকটি মামলা করেছেন। ওসি বলেন, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নি। তদন্ত করে মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২১৫ ঘ.