নাটোর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বনপাড়া পৌরসভার একটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মহুয়া নূর কচি।
রোববার ওই পৌরসভায় নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কেএম জাকির হোসেনকে ৪০ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।
সোমবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহুয়া বলেন, "সরকার প্রশাসনকে ব্যবহার করে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। পৌরসভার হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমার পক্ষের ব্যালট পেপারে অতিরিক্ত সিল মেরে তা অবৈধ করা হয়েছে। ওই কেন্দ্র থেকে আমার এজেন্টকেও বের করে দেওয়া হয়।"
তিনি ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
ওই কেন্দ্রে মহুয়ার এজেন্ট সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "ভোট গণনার আগেই আমার কাছ থেকে ফলাফলপত্র ও খামে স্বাক্ষর চাওয়া হয়। আমি তাতে রাজি না হলে আমাকে বের করে দেওয়া হয়।"
মহুয়া কারচুপির অভিযোগ তুললেও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশিদ রোববার রাতে সাংবাদিকদের বলেন, ভোট সুষ্ঠু হয়েছে।
আট মাস আগে সন্ত্রাসী হামলায় নিহত বনপাড়া পৌর বিএনপির সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া পৌর নির্বাচনে বিএনপির সমর্থনে প্রার্থী হন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির বিএনপির নেতা বাবু হত্যামামলার আসামি। জাকিরের বাবা বনপাড়া আওয়ামী লীগের সভাপতি ডা. আয়নাল হকও বিএনপির আমলে খুন হয়েছিলেন।
রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা জাকিরকে বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করেন মহুয়া। তার সমর্থকরা বিক্ষোভ করলে পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘাতও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24