নড়াইল, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া পৌরসভার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে উপজেলা কমপ্লেক্সে হামলা ও ভাংচুর করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়া পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রাথী এ্যাড. নেওয়াজ আহমেদ ঠাকুর বিজয়ী হতে যাচ্ছে- এমন সংবাদ ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী আশরাফুল আলমের সমর্থকরা লাঠিসোটা নিয়ে উপজেলা কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী কন্টোল রুমে হামলা চালায়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার সাংবাদিকদের বলেন, আশরাফুলের সমর্থকরা রাত ৯টার দিকে হামলা চালায়।
হামলায় কন্টোল রুমের বেশ কয়েকটি জানালায় কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি জানান, নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সরদার রকিবুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি বর্ষন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
bdnews24