২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৭ জন গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত চট্টগ্রামে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালে গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত চট্টগ্রামে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগের প্রতিবাদে রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি-জামায়াত। কোনো ধরনের গোলযোগ ছাড়াই চট্টগ্রামে হরতাল চলছে। মিছিলের চেষ্টা করতে গিয়ে কোতোয়ালি ও বায়েজিদ থানা এলাকায় গ্রেপ্তার হন ১৭ কর্মী। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজীর দেউড়ি এলাকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। অক্সিজেন মোড় থেকে অন্য দুজনকে গ্রেপ্তারের কথা জানান বায়েজিদ থানার ওসি মহিউদ্দিন সেলিম। বন্দরনগরীতে সবগুলো সড়কে সকাল থেকেই প্রচুর রিকশা চলছে। কয়েকটি সড়কে কিছু মটর সাইকেল, সিএনজিচালিত অটো রিকশা ও টেম্পু চলাচল করলেও বাস চলতে দেখা যায়নি। সকাল থেকেই নগরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। তবে পুলিশি বাধার কারণে তারা মিছিল করতে পারেনি। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় কার্যালয় থেকে বের হতে পুলিশ বাধা দিচ্ছে। বরিশাল সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল নেতা পারভেজ আখন্দ বিপ্লবকে দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। পারভেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৩৫০ ঘ.