নাটোর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংঘাত বেঁধেছে। মেয়র পদে আওয়ামী লীগ নেতা কেএম জাকির হোসেনকে ৪০ ভোটে বিজয়ী ঘোষণা করা হলেও ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহুয়া নূর কচি।
আট মাস আগে সন্ত্রাসী হামলায় নিহত বনপাড়া পৌর বিএনপির সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া রোববারের পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থনে প্রার্থী হন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির বিএনপির নেতা বাবু হত্যামামলার আসামি। তবে জাকিরের বাবা আওয়ামী লীগ নেতা আয়নাল হকও বিএনপির আমলে খুন হয়েছিলেন।
রোববার দিনভর ভোটগ্রহণের পর রাত ১০টায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করে মহুয়ার সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় বেশ কয়েকটি সরকারি কার্যালয় ভাংচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় র্যাব ও পুলিশ।
পুলিশ জানায়, মহুয়ার কয়েকশ সমর্থক উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। তখন তারা পুলিশ ও র্যাব সদস্যদের লক্ষ করে ঢিল ছুড়তে থাকে। তখন তাদের পাল্টা লাঠিপেটা করে পুলিশ।
নাটোরের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাতের আঁধারে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মিছিল করার চেষ্টা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছিলো বলে তাদের মিছিল করতে বাধা দেওয়া হয়।
মহুয়ার সমর্থকরা উপজেলা পরিষদের ভেতরের মৎস্য ও প্রাণীসম্পদ কার্যালয়, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ভাইস চেয়ারম্যানের কার্যালয়, নির্বাচন কার্যালয়ের সার্ভার কক্ষ ভাংচুর করে বলে পুলিশ জানায়।
র্যাব-৫ এর সহকারী পরিচালক হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শটগানের গুলি ছুড়েছেন।
বিক্ষোভকারীদের ইটের আঘাতে পুলিশ কর্মকর্তা আমিনুল, র্যাব সদস্য হাবিলদার আলতাফ হোসেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম, নায়েক মনির উদ্দিন, হাবিলদার মনির উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়।
র্যাব কর্মকর্তা হুমায়ুন জানান, ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি বলেও জানান তিনি।
মহুয়ার প্রধান নির্বাচনী এজেন্ট খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, র্যাবের পাশাপাশি পুলিশও গুলি ছোড়ে। তাদের এক কর্মী গুলিবিদ্ধসহ অনেকে আহত হয়েছেন।
পুলিশি হয়রানির আশঙ্কা থেকে আহতদের নাম প্রকাশ করেননি তিনি।
পরাজিত প্রার্থী মহুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন ও পুলিশ সদস্যরা ওপরের নির্দেশে ভোটের ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করেছে। আমি এ ফলাফল মানি না।"
পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, "আমার কর্মী-সমর্থকরা প্রশাসনের আচরণে দুঃখ পেয়ে বিক্ষোভ করেছে। তারা কোনো বেআইনি কাজ করেনি।"
তবে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে কিছু কর্মী-সমর্থক না বুঝে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩৫ ঘ.
bdnews24