ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিকেটারদের সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর পাশাপাশি রাজনৈতিকভাবেও তা মোকাবেলার কথা জানিয়েছে তারা।
হরতালের দ্বিতীয় দিন সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে সাংবাদিকদের বলেন, "বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি ও সাজা দেওয়ার জন্য সরকার ভিন্ন কৌশল অবলম্বন করেছে।
"হরতালের মতো গণতান্ত্রিক কর্মসূচির সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একতরফাভাবে তাৎক্ষণিক সাজা দেওয়ার নজির আগে কখনোই ছিলো না। ফ্যাসিস্ট সরকার এবার তা করেছে।"
এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর কথা জানিয়ে তিনি আরো বলেন, এর বিরুদ্ধে আমরা কর্মসূচিও দেবো।
এবারই প্রথম হরতালে পিকেটারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। শনি ও রোববার শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলা ব্যাহতকারীদের আইন অনুযায়ীই সাজা দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ ভ্রাম্যমাণ আদালতের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
আগের দিনের মতোই নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। ওই অবস্থায়ই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, "সরকার বিরোধী দলের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পালনে পদে পদে বাধা দিচ্ছে। আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। সংসদে গেলে সেখানে কথা বলতে দেয়া হয় না। কোনো প্রতিবাদই তারা করতে দিচ্ছে না। পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি।"
তবে হরতালে জনদুর্ভোগের কথা স্বীকার করলেও জনগণ গণতন্ত্র 'প্রতিষ্ঠার স্বার্থে' তা মেনে নেবে বলে আশা করছেন ফখরুল।
দলীয় কার্যালয়ে ফখরুলের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কার্যালয়ের সামনে থেকে চার কর্মীকে পুলিশ আটক করেছে।
বিএনপির দাবি, হরতালের ঘোষণা দেওয়ার পর থেকে রোববার বিকাল পর্যন্ত সারাদেশে তাদের সাতশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৪৫ ঘ.
bdnews24