২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৪ প্রজাতির মাছ বিপন্ন

দেশে মিঠা পানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৫৪টি প্রজাতি বিপন্ন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মিঠা পানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৫৪টি প্রজাতি বিপন্ন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রোবাবর জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের হিসাবে দেশে প্রায় ২৬০ প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন (আইইউসিএন) এর হিসাবে এর মধ্যে ৫৪টি প্রজাতি বিপন্ন। মন্ত্রী জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট কত্রিম প্রজননের মাধ্যমে এসব বিপন্ন প্রজাতির মাছের মধ্যে ছয় প্রজাতির কার্প ও ৬ প্রজাতির ক্যাটফিসের পোনা উৎপাদন সফলতা পেয়েছে। বিপন্ন প্রজাতির আরো নতুন নতুন মাছের পোনা উৎপাদনের কৌশল উদ্ভাবনের চেষ্টা চলছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৪টা ২০ মিনিটে দিনের কার্যসূচি শুরু হয়। ১১ শ' কোটি টাকার উত্তরা রাজশাহী সেচ প্রকল্প রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, ১১ শ' কোটি টাকার উত্তরা রাজশাহী সেচ প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়নের লক্ষ্যে পদ্মা নদীর পানি ব্যবহার করে এ প্রকল্প পরিচালনার জন্য ইতোমধ্যে ১ হাজার ১০০ দশমিক ৫৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত একটি প্রস্তাব প্রণয়ন হয়েছে। ৬ বছর মেয়াদের প্রকল্পটি ২০১০-১১ অর্থ বছরের এডিপিতে বরাদ্দহীন অননুমোদিত প্রকল্প হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৩০ ঘ.