বান্দরবান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে ভোটারদের টাকা দেওয়ায় এক চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সদর উপজেলার ৫ নম্বর টংকাবতী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী মেনচিং ম্রো ও ওয়ার্ড সদস্য প্রার্থী জুয়েল ত্রিপুরার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, মেনচিং ম্রো ও জুয়েল ত্রিপুরা নিজেদের পক্ষে 'ভোট কিনতে' ভোটারদের টাকা দেওয়ার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
এ সময় দুজনের কাছ থেকে ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে এদিন ভোটগ্রহণ হয়।
ওদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাবনার আটঘরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোফাজ্জল হোসেন বাবুকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি তাকে এ সাজা দিয়ে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৬ ঘ.
bdnews24