চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।
একইসঙ্গে সেখানে বসবাসকারী নিু আয়ের মানুষদের পুর্নবাসনের দাবিও জানান তারা।
চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে গণমৃত্যুর চার বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি শেষে স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান।
পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরাম যৌথভাবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।
স্মরণ সভা থেকে বক্তারা ১১ জুনকে পাহাড় রক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান।
২০০৭ সালের ১১ জুন সকালে নগরীর কুসুমবাগ, কাইচ্যাঘোনা, সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবু বাগান, বায়েজিদ বোস্তামী, মতিঝর্ণা পাড়সহ সাতটি স্থানে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের একশ ২৭ জন। পুরো পরিবারের সকল সদস্য ঘর ও মাটি চাপা পড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটে।
সভায় বক্তারা বলেন, প্রভাবশালীরা প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এখনো আবাসনের নাম করে পাহাড় কাটছে, পরিবেশ ধ্বংস করছে এবং পাহাড়ের আশেপাশের এলাকায় বসবাসকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ভারি বর্ষণের সময় পাহাড় ধসে ঘটছে প্রাণহানিসহ বড় রকমের মানবিক বিপর্যয়।
তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, এসব ঘটনায় মামলা হলেও দুর্বল তদন্তের কারণে তারা সামান্য অর্থদণ্ড দিয়ে পার পেয়ে যাচ্ছেন। এতে করে প্রভাবশালীরা পুনরায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের মতো গুরুতর অপরাধ করছেন।
স্মরণসভা থেকে বক্তারা পাহাড় কাটায় যুক্তদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ড. একিউএম সিরাজুল ইসলাম, পিপলস ভয়েসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী, জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা কবির রানু, কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ণালীর পক্ষে সুভাষ কুমার দত্ত, বিএনপিএস'র শ্যামল মজুমদার, উৎস'র পক্ষে মোস্তফা কামাল যাত্রা, রেড ক্রিসেন্ট যুব ইউনিয়ননের আবদুল্লাহ আল মনসুর, বাংলাদেশ পরিবেশ ছাত্র ফোরামের আতিকুর রহমান ও প্রিন্স রুবেল।
কর্মসূচিতে উন্নয়ন সংস্থা বর্ণালী, বিএনপিএস, উৎস, রেড ক্রিসেন্ট যুব ইউনিয়ন ও পরিবেশ ছাত্র ফোরামসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সংহতি প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২২০ ঘ.
bdnews24