২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৯ গাড়িতে আগুন

হরতালের আগের দিন রাজধানীতে সাতটি বাস, একটি ট্যাক্সি ক্যাব ও একটি অটোরিক্সা আগুনে পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের দিন রাজধানীতে সাতটি বাস, একটি ট্যাক্সি ক্যাব ও একটি অটোরিক্সা আগুনে পুড়েছে। যানবাহনগুলোতে আগুন দেওয়া হয়েছে, না যান্ত্রিক ত্র"টির কারণে আগুন লেগেছে- তা নিশ্চিত হওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। ৫ জুনের হরতালের আগের দিন ঢাকায় অন্তত ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়। বিরোধী দলের কর্মীরা এ আগুন দেয় বলে পুলিশের অভিযোগ। শনিবার দুপুর দেড়টার দিকে শাপলা চত্বরের কাছে একটি বাসে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, বাসটিতে বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীরা ছিলো। অগ্নি নির্বাপক বাহিনী এ বাসের আগুন নেভায়। আড়াইটার দিকে মতিঝিল পেট্রোল পাম্পের সামনে বিকল্প অটো সার্ভিসের একটি বাসে আগুন লাগে। বিকল্পের সুপারভাইজার আব্দুল মান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০-১২ জন যুবক মতিঝিল শাপলা চত্বরের সামনে বাসটিতে ওঠে পেট্রোল পাম্পের সামনে যাওয়ামাত্র আগুন আগুন বলে সবাই নেমে পড়ে।" আগুনে বাসের ২০টি আসন পুড়েছে বলে জানান তিনি। বিকাল সাড়ে ৩টার দিকে কাকরাইল ও শান্তিনগরের মাঝামাঝি কর্ণফুলী গার্ডেন সিটির সামনে একটি বাসে আগুন দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেহেনা আক্তার। বিকাল পৌনে ৫টার দিকে চকবাজার থানার আলিয়া মাদ্রাসার সামনে একটি বাসে আগুন দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অগ্নি নির্বপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা। রাত ৯টার দিকে মিরপুরের পল্লবী ও নতুনবাজারের প্রগতী সরণীতে যুক্তরাষ্ট্র দূতাবাস সংলগ্ন সড়কে দুটি বাসে আগুন লাগে। এ দুটি বাসে আগুনের খবর জানান পল্লবী থানার ওসি আনিসুর রহমান এবং গুলশান থানার ওসি শাহ আলম। তারা জানান, আগুনে বাস দুটির সিটগুলি পুড়ে গেছে। রাত পৌনে ১০টার দিকে ফার্মগেটে একটি অটোরিক্সায় আগুন লাগে। রাত ১০টার দিকে মিরপুর বাংলা কলেজের কাছে একটি বাসে এবং শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তায় একটি ট্যাক্সি ক্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় দমকল বাহিনী। সম্মলেন কেন্দ্রে ওই সময় মুুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের একটি সংবর্ধনা ও আলোচনা সভা চলছিলো। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/পিডি/০০১১ ঘ.