চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের চার বছর পূর্তি শনিবার।
২০০৭ সালের ১১ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দারা ঘুম থেকে জেগে ওঠে ভয়াবহ মৃত্যুর সংবাদে। পাহাড় ও দেয়াল ধসে মৃত্যু হয় ১২৭ জনের। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছিল পুরো নগরী।
নগরী ও আশপাশের সাতটি স্থানে পাহাড় ও দেয়াল ধসের ওই ঘটনা ঘটে।
বর্ষাকালে পাহাড় ধস ও এ কারণে মানুষের প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নানা সুপারিশ করা হলেও এর কোনো বাস্তবায়ন নেই। নগরী ও এর আশপাশের পাহাড়ে মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস কমেনি।
নগরীর কুসুমবাগ, কাইচ্যাঘোনা, সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবু বাগান, বায়েজিদ বোস্তামী, মতিঝর্ণা পাড়সহ সাতটি স্থানে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ১২৭ জন মানুষ। ঘর চাপা পড়ে পুরো পরিবারের সব সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটে।
ব্যাপক প্রাণহানির পাশাপাশি বৃষ্টিতে নগরীর সব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে বন্দর নগরী।
এ ঘটনা তদন্তে গঠিত কমিটি একে 'মানবসৃষ্ট বিপর্যয়' হিসেবে চিহ্নিত করে ওই গণমৃত্যুর জন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুদের এবং পাহাড়ে নিু আয়ের মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসকে দায়ী করে।
এখনো প্রতি বছর বর্ষা এলে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষ শিউরে ওঠে।
২০০৮ সালের ১৮ অগাস্ট মতিঝর্ণা এলাকায় টাংকির পাহাড় ধসে ১১ জনের প্রাণহানি ঘটে।
১১ জুনের ওই ভয়াবহ ঘটনার স্মরণে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২২৭ ঘ.
bdnews24